
বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভোলা জেলার মানিকারহাট এলাকার মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ এলাকার রোকাইয়া আক্তার (৩০)।
পুলিশ জানায়, ১০ সদস্যের একটি পর্যটক দল বগালেক ভ্রমণে এসেছিল। দলের আটজন বগালেকের একটি কটেজে অবস্থান করলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে সন্ধ্যার দিকে মোটরসাইকেলে কেওক্রাডং এলাকায় ঘুরতে যান।
ফেরার পথে বগালেক-কেওক্রাডং সড়কের আঁকাবাঁকা ও ঢালু অংশে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা কয়েকশ ফুট গভীর খাদে পড়ে যান।
পরে তাদের খোঁজ না পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালান। রাতের দিকে খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।